
পশ্চিম বর্ধমান: অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির সূচনা হল রাজ্যজুড়ে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়। পাশাপাশি বিভিন্ন জেলায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় প্রতীকী শংসাপত্র।
দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে ১০০ জন উপভোক্তার হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেওয়া হয় এবং তাঁদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ার বিষয়টি জানানো হয়।
অর্থ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। এদিন বিধায়করা জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ধাপে ধাপে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। অন্নপূর্ণা যোজনাও সেই প্রতিশ্রুতি পূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তাঁরা দাবি করেন।















