দুর্গাপুর:

দুর্গাপুরের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা ও সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল ‘মুশকিল আসান – সিজন ২’ কর্মসূচি। দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার বিকেলে আনন্দধারা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বহু ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ী এতে উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামীণ উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ADDA-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবালম এস (IAS), দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং DMC কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
মূলত ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।















