দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা ফেলা, পানের পিক ছিটানো কিংবা রাস্তা নোংরা করার বিরুদ্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি জরিমানার ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের অগ্নিমিত্রা পাল।

মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। ‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের সঙ্গে নিয়ে তিনি ঝাড়ু হাতে রাস্তায় নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের কাছে পরিচ্ছন্ন শহর গড়ার বার্তা পৌঁছে দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পন্নামবলাম এস, আবুল কালাম আজাদ ইসলাম-সহ নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক ও পরিচ্ছন্নতা কর্মীরা।
অভিযান চলাকালীন মন্ত্রী স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান। তিনি জানান, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত শহর গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বার্তা দেন তিনি।















