দুর্গাপুরের ওয়ারিয়া এলাকায় বালি উত্তোলন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দামোদর নদীর বৈধ বালি ঘাটকে সামনে রেখে চলছে নিয়মবহির্ভূতভাবে বালি তোলা।


স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্দিষ্ট সীমার মধ্যে বালি উত্তোলনের অনুমতি থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না। অভিযোগ, জেসিবি মেশিন ব্যবহার করে নদীর বুক থেকেই দিনরাত বালি তোলা হচ্ছে।
এরপর সেই বালি বোঝাই ডাম্পার অতিরিক্ত লোড নিয়ে শহরের রাস্তায় অবাধে চলাচল করছে। যার ফলে ধুলো ও দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন মায়াবাজার, ওয়ারিয়া এবং মানা এলাকার হাজার হাজার মানুষ। অতিরিক্ত ওজনের গাড়ির চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার রাস্তাঘাটও।
এখন প্রশ্ন উঠছে—

যদি ঘাটটি বৈধ হয়, তাহলে নিয়মের বাইরে এত বিপুল পরিমাণ বালি উত্তোলন কীভাবে চলছে? ওভারলোড ডাম্পার দিনের পর দিন রাস্তায় চললেও প্রশাসনের নজরদারি কোথায়?
স্থানীয়দের অভিযোগ, নিয়ম থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই বললেই চলে। আর সেই সুযোগেই বৈধতার আড়ালে বাড়ছে অবৈধ বালি ব্যবসা।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে বড় আন্দোলনের পথে নামবেন তারা।















