
দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড়ে পিসিবিএল রোড দিক থেকে একটি লরি দ্রুত গতিতে আসছিল। অভিযোগ, অত্যন্ত দ্রুতগতির কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি আশা দেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে পড়েন তিনি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, মৃতা এসবি মোড় এলাকার একটি হোটেলে কাজ করতেন। তাঁর বাড়ি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড় এলাকায়।
দুর্ঘটনার জেরে এসবি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার ও এলাকাজুড়ে।















