
দুর্গাপুরে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযান। আজ সকাল থেকেই দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে শুরু হয়েছে ইডির অভিযান। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।
তদন্তকারী সূত্রে জানা গেছে, এর আগে পরপর তিনবার নোটিস পাঠানো হলেও ইডির দফতরে হাজিরা দেননি মনোরঞ্জন মণ্ডল। এই মামলায় প্রায় দেড়শো কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের।
এছাড়াও অভিযোগ উঠেছে, মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী রূপা মণ্ডলের সংস্থার মাধ্যমেও কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। সেই সমস্ত লেনদেন নিয়েও তদন্ত শুরু করেছে ইডি।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রথমবার তল্লাশি চালানোর সময় তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল এভিডেন্স উদ্ধার করেছিলেন বলে সূত্রের খবর। সেই সূত্র ধরেই ফের আজ দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে, রূপা মণ্ডলকেও একাধিকবার তলব করা হলেও তিনি এখনও ইডির সামনে হাজির হননি বলে অভিযোগ। আজ সকালে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বাড়ির দরজায় নোটিস টাঙিয়ে আগামী ১৩ তারিখ ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পর দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তল্লাশি অভিযানে আর কী কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর তদন্তকারীদের পাশাপাশি সাধারণ মানুষেরও।















