
রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর এক তরুণ শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসা এলাকায়। মৃতের নাম পার্থ দত্ত (২২)। তিনি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার সকালে একটি কারখানার ভেতর থেকে পার্থ দত্তের মৃতদেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। কীভাবে ওই তরুণ শ্রমিকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি, কয়েকদিন ধরেই পার্থ দত্ত নিখোঁজ ছিলেন। হঠাৎ করেই তাঁর কোনও খোঁজ না পাওয়ায় উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। রবিবার সকালে কারখানার ভেতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের খবর সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। মৃতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ জানার দাবি তোলা হয়েছে। পাশাপাশি পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সরব হয়েছেন তাঁরা।
রবিবার কারখানার গেটের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।















