
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের ডি.এ.ভি. মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। সেই ভাবনাকেই সামনে রেখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি।

সকাল সাড়ে ছ’টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডস এবং কাবস ও বুলবুলস দলের সদস্যদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডি.এ.ভি. শিক্ষাপ্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ জোনের প্রিন্সিপাল-কাম-রিজিওনাল অফিসার পাপিয়া মুখার্জী। তিনি তাঁর বক্তব্যে বলেন, যোগ শুধুমাত্র শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানসিক প্রশান্তি, সামাজিক সম্প্রীতি এবং সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তি। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের নতুন ‘কমিউনিটি আউটরিচ’ কর্মসূচির ঘোষণা। পাপিয়া মুখার্জী জানান, আগামী দিনে প্রতিদিন বিকেল ৫টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ের এই উদ্যোগকে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান।

এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যোগাভ্যাস পর্ব শুরু হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। সুস্বাস্থ্য, মানসিক একাগ্রতা এবং চাপমুক্ত জীবনের বার্তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
যোগ গীতি পরিবেশন এবং বিশ্বশান্তির প্রার্থনায় শান্তিপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন শুধু এক দিনের অনুষ্ঠান নয়, বরং সমাজের বৃহত্তর অংশের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও নিয়মিত যোগচর্চার সংস্কৃতি গড়ে তোলার একটি প্রচেষ্টা।















