
দুর্গাপুর, ১৫ আগস্ট: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয় প্রাঙ্গণ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, আলোকসজ্জা ও মনোরম সাজসজ্জায় সেজে উঠেছিল। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকদের উপস্থিতিতে গোটা ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রণব ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এসবিএসটিসি)। বিদ্যালয়ের অধ্যক্ষা ও ডিএভি ইনস্টিটিউশনস্ (পশ্চিমবঙ্গ)-এর রিজিওনাল অফিসার পাপিয়া মুখার্জী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এবং স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক মুক্তি নয়, বরং চিন্তা ও মননের মুক্তিও বটে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হলে সমাজকে কুসংস্কার ও সংকীর্ণতা থেকে মুক্ত হতে হবে। সেই ভাবনাকেই সামনে রেখে এ বছরের বিদ্যালয় থিম ছিল “হর ঘর তিরঙ্গা”।

এরপর বিদ্যালয়ের এনসিসি, স্কাউট ও বিভিন্ন হাউসের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ ও ড্রিল প্রদর্শন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, যোগাসন, নৃত্য, ক্যারাটে ও নাট্যাভিনয়ের মাধ্যমে স্বাধীনতার চেতনা তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর স্বাধীনতা আন্দোলনে অবদানের ইতিহাসভিত্তিক সাংস্কৃতিক উপস্থাপনা। নাটক ও নৃত্যের সমন্বয়ে শিক্ষার্থীরা দুই রাজ্যের অবদানকে সৃজনশীলভাবে তুলে ধরে, যা দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
দেশপ্রেম, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহনকারী এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।















