দুর্গাপুর: ভোট-পরবর্তী সন্ত্রাস, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ বালি-কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গৌতম ঘোষ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবৈধ বালি ও কয়লা সিন্ডিকেট পরিচালনার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
এই অভিযোগের ভিত্তিতে লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।















