

দুর্গাপুরে শব্দ দূষণ ও বেআইনি মডিফাই সাইলেন্সারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ প্রশাসন। আজ ট্রাং রোড সংলগ্ন এলাকায় যৌথ উদ্যোগে রেড পরিচালনা করে দুর্গাপুর ট্রাফিক বিভাগ ও স্থানীয় থানার পুলিশ।
এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ওসি সুকান্ত দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ড ওসি অনন্ত কুমার রায়, এ জোন আইসির টিম এবং দুর্গাপুর থানার পুলিশকর্মীরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ট্রাং রোড এলাকার বিভিন্ন মোটর পার্টস ও গ্যারেজে তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মডিফাই সাইলেন্সার ব্যবহার ও বিক্রির ফলে এলাকায় অতিরিক্ত শব্দ দূষণের সমস্যা তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দোকানগুলির বৈধ নথিপত্র যাচাই করা হয় এবং বেআইনি ভাবে সাইলেন্সার মজুত বা বিক্রির প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, শব্দ দূষণ রোধে এবং ট্রাফিক নিয়ম বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দুর্গাপুরে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।















